গৌরনদীতে সংবাদ সম্মেলনে এসে মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত দাবি প্রবাসী বিএনপি নেতার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা ও শ্রমিকদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. বিপ্লব হোসেন আজাদ তার বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক বলে অভিযোগ করেছেন। বুধবার সকালে বরিশালের গৌরনদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বিপ্লব হোসেন আজাদ জানান, দীর্ঘ ২৭ বছর ধরে তিনি সৌদি আরবে অবস্থান করছেন। প্রবাস জীবনের সঞ্চিত অর্থ দিয়ে নিজ এলাকায় বাবা-মায়ের নামে হালিমা মান্নান মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। হাসপাতালটি এখন এলাকার অসহায় ও দরিদ্র মানুষের আশ্রয়স্থল। চিকিৎসা ব্যয় মেটাতে হাসপাতাল থেকে পর্যাপ্ত আয় না হলেও প্রতি মাসে তিনি ভর্তুকি দিয়ে প্রতিষ্ঠানটি সচল রাখছেন। একইসঙ্গে প্রতি বছর দরিদ্রদের মাঝে নগদ অর্থ, পোশাক ও শীতবস্ত্র বিতরণসহ সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলেও উল্লেখ করেন তিনি।
নিজেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে বর্তমানে বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি দাবি করেন, গত ১৭ বছর ধরে তিনি ‘ফ্যাসিবাদী সরকারের’ বিরুদ্ধে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।
বিপ্লব হোসেন অভিযোগ করেন, আট বছর আগে শামছুল আলম মোল্লার ভাই ও বোনের কাছ থেকে তাদের পৈত্রিক সম্পত্তির অংশবিশেষ তিনি ক্রয় করেন। এর পর থেকেই শামছুল আলম মোল্লা ও তার সহযোগীরা তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করে।
তিনি বলেন, গত ২ আগস্ট তার বিরুদ্ধে চঁাদাবাজির মামলা করা হয়, অথচ সে সময় তিনি বিমানবন্দরে ছিলেন।
১৫ আগস্ট সেনাবাহিনীর নিকট আরেকটি অভিযোগ দায়ের করা হয়, তখন তিনি ঢাকায় অবস্থান করছিলেন। সর্বশেষ ১৭ আগস্ট বরিশাল আদালতে ১০৭ ধারায় মামলা করা হয়, সে সময়ও তিনি ঢাকায় ছিলেন।
সংবাদ সম্মেলনে বিপ্লব হোসেন এসব মামলাকে সম্পূর্ণ মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন উল্লেখ করে সঠিক তদন্তের দাবি জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে মানহানির ক্ষতিপূরণ হিসেবে তিনি শামছুল আলম মোল্লার গংদের নিকট ১০ কোটি টাকা দাবি করেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































